country
BN
জামায়াতের এমপিসহ নেতারা উঠতেই ভেঙে পড়লো সেতু
[]
jagonews24.com | rss Feed
নীলফামারীর ডিমলায় পরিদর্শনের সময় একটি কাঠের সেতু ভেঙে নদীতে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুস সাত্তার।
উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়ন সংযোগকারী কাঠের সেতু পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পরিদর্শনের সময় হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীর পাশে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র দেখতে এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান সংসদ সদস্য আব্দুস সাত্তার। এসময় তিনি স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের নিয়ে জরাজীর্ণ কাঠের সেতুটিতে ওঠেন।
আরও পড়ুন
হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম
সেতুটির ওপর একসঙ্গে অতিরিক্ত মানুষ ওঠার কিছুক্ষণ পরই কাঠের একটি অংশ মচকে যায়। মুহূর্তেই সেতুর অংশবিশেষ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর পাশে পড়ে যান। এসময় ঘটনাস্থলে হইচই শুরু হয়।
এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাত পেলেও গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারও অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।
আরও পড়ুন
চাঁদাবাজি মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে
উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘সেতুটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’
পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।’
তিনি আরও বলেন, ‘নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’
আমিরুল হক/এসআর/জেআইএম