country
BN
২২ বছর পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী
[]
jagonews24.com | rss Feed
মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় ২০০৪ সালে পথিক নবীর কণ্ঠে শোনা গিয়েছিল। সে ছবিতে তিনি গেয়েছিলেন ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি। বিপ্লব চক্রবর্তীর লেখা ও সুর করা সেই গান শ্রোতাদের মনে জায়গা করে নেয়।
এরপর আর কোনো সিনেমায় প্লেব্যাক করা হয়নি তার। দীর্ঘ ২২ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।
আরও পড়ুন
সংসারের যন্ত্রণায় আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট
সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার একটি গানে প্লেব্যাক করেছেন পথিক নবী। ‘মাটির পুতুল’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আবেগী জাকির। সংগীত আয়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ানোর কারণ জানিয়ে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল’ ফোক প্যাটার্নের গান। ট্র্যাক প্রস্তুত হওয়ার পর তাদের সবারই মনে হয়েছে, পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ালে ভালো হবে। তার কণ্ঠের কথা মাথায় রেখেই যেন গানটি তৈরি হয়েছে- এমনটাই মনে হয়েছিল নির্মাতার।
পরে পথিক নবীর সঙ্গে যোগাযোগ করে তাকে গানটির মিউজিক ট্র্যাক পাঠানো হয়। গানটি শুনে তিনি পছন্দ করেন এবং গত ২৭ জুলাই এর রেকর্ডিং সম্পন্ন হয়।
নির্মাতা বলেন, ‘অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।’
দীর্ঘ বিরতির পর সিনেমায় গান গেয়ে উচ্ছ্বসিত পথিক নবীও। ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে তাকে নিয়মিত প্লেব্যাকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং মাটি ও নদীর সঙ্গে একাত্ম জীবনযাপনের গল্প উঠে আসবে সিনেমাটিতে। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর তীরে বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির শুটিং।
আরও পড়ুন
অপু বিশ্বাসের সঙ্গে ‘শিকার’ করবেন কলকাতার তিন তারকা
এখন ‘মাটি’র পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে।
নির্মাতা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ‘মাটি’ মুক্তির পরিকল্পনা রয়েছে।
এলআইএ