country
BN
চার ঘণ্টা পর সাভারের ভবনটিতে অভিযান শুরু
[]
jagonews24.com | rss Feed
ঢাকার অদূরে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি ভবন প্রায় চার ঘণ্টা ঘিরে রাখার পর অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযান শুরু হয়েছে বলে জাগো নিউজকে সিটিটিসির একটি সূত্র নিশ্চিত করেছে।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শ্যামপুর এলাকার জলাবদ্ধ একটি সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে রয়েছেন সিটিটিসি সদস্যরা। তাদের সঙ্গে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও রয়েছে।
আরও পড়ুন
ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শ্যামপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে জানান তিনি।
সিটিটিসি বলছে, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
এদিন সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে ফেলেন বলে জানান স্থানীয়রা।
এদিকে, রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় আসামি গ্রেফতার করেছে সিটিটিসি। এ বিষয়ে বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
টিটি/এএমএ