country
BN
বোয়ালখালীতে আন্তজেলা ডাকাত দলের সদস্য আবছার গ্রেফতার
[]
jagonews24.com | rss Feed
চট্টগ্রামের বোয়ালখালীতে আন্তজেলা ডাকাত দলের সদস্য নুরুল আবছারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) ভোরে সারোয়াতলী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের পশ্চিম খিতাপচর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার আবছার ওই গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে। পুলিশের জেলা বিশেষ শাখার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।
জেলা বিশেষ শাখার বোয়ালখালী জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরীফ হোসাইন মজুমদার জানান, ইয়াবার একটি চালান আসার খবরে রাতেই আবছারের বাড়িতে অবস্থান নেয় পুলিশ। পরবর্তীতে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আবছারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আবছার দক্ষিণ চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত। ২০০৫ সালে ১২টি বন্দুকসহ নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে গ্রেফতার হয়েছিল আবছার। এরপর জামিনে বেরিয়ে আবারও ডাকাতিতে জড়িয়ে পড়েন।
২০২১ সালের ২৫ নভেম্বর বোয়ালখালী থানার একটি হত্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশের (পিবিআই) প্রতিবেদনে বলা হয়, পুলিশের তালিকায় নুরুল আবছার একজন আন্তজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও ভাড়াটে ‘খুনি’ হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক কারবার তার প্রধান পেশা।
পুলিশের তথ্য মতে, দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক কারবারসহ অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছে আবছার। সোমবার পুলিশ আবছারকে গ্রেফতহার করলেও উদ্ধার করা যায়নি অস্ত্র।
এমডিআইএইচ/এমকেআর