country
BN
এবার ফুলহামের হয়ে সৌদি ক্লাবের বিপক্ষে খেললেন ফারহান ওয়াহিদ
[]
jagonews24.com | rss Feed
বাংলাদেশি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের হয়ে সৌদি আরবের আল আহলির বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে খেলেছেনবালাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পর্তুগালের আলবুফেইরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ফুলহাম ১-১ গোলে ড্র করে।
ম্যাচের ৬৯ মিনিটে মার্ক জেপার বদলি হিসেবে মাঠে নামেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। এর আগে ২৫ জুলাই নরউইচ সিটির বিপক্ষে বদলি হিসেবে সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। দুই ম্যাচেই ফুলহামের মূল দলের জার্সি গায়ে দেখে উচ্ছ্বসিত বাংলাদেশি দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারহানের নামে ট্রেন্ড চলছে, অনেকেই তার পারফরম্যান্সের ভিডিও শেয়ার করছেন।
ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের শিকড় সিলেটে। বাবা-মা উভয়েই বাংলাদেশি বংশোদ্ভূত। চেলসির একাডেমি থেকে ফুলহামে এসে অনূর্ধ্ব-২১ দলে চমক দেখিয়েছেন তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ ২-এ প্লেয়ার অব দ্য মানথ হয়েছিলেন। এখন সিনিয়র দলে সুযোগ পাওয়ায় বাংলাদেশি ফ্যানদের আশা আরও বেড়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরইমধ্যে তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু করেছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজ জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। হামজা চৌধুরীর পর প্রিমিয়ার লিগের ক্লাবে সিনিয়র দলে খেলা দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ফারহান এরইমধ্যে ইতিহাস গড়েছেন। বাংলাদেশি দর্শকরা এখন শুধু ক্লাব পারফরম্যান্স নয়, জাতীয় দলের জার্সিতেও তাকে দেখতে চান।
আরআই/এএমএ