country
BN
দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বাংলাদেশ-সৌদি আরবের
[]
jagonews24.com | rss Feed
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এসএবিসিসিআই এর সভাপতি আশরাফুল হক চৌধুরী।
বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারে এসএবিসিসিআই-এর বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। এ সময় তারা বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন এবং সৌদি আরবে ‘বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানায়।
এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করে প্রতিনিধিদল।
আরও পড়ুন
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টার তারিক চয়নের পদত্যাগ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এসএবিসিসিআইয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প এবং বহুমুখী পাটজাত পণ্যের সৌদি আরবের বাজারে আরও কার্যকরভাবে প্রচার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে এসএবিসিসিআই প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও এগিয়ে নিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
এএমএ