নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। নতুন এ প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সময় নেওয়া থেকে শুরু করে ভূমি, লাইসেন্স, এনজিও, জনঅভিযোগসহ বিভিন্ন সেবা ও আবেদনের অগ্রগতি ঘরে বসেই জানা যাবে। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘হ্যালো ডিসি’ অ্যাপের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ফরিদা খানমের উদ্যোগে চালু হওয়া এ অ্যাপের মাধ্যমে নাগরিকদের জন্য জেলা প্রশাসনের বিভিন্ন সেবা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এছাড়া গুগল প্লে স্টোরের রিভিউ প্রক্রিয়া শেষ হলে প্লে স্টোর ও অ্যাপ স্টোরেও এটি পাওয়া যাবে। ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোডের সুযোগ থাকবে। পাশাপাশি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সরাসরি ফোন করেও প্রয়োজনীয় সেবা ও তথ্য পাওয়া যাবে। আরও পড়ুন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি জেলা প্রশাসন জানিয়েছে, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ভূমি-সংক্রান্ত সেবা, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, লাইসেন্স, জনঅভিযোগ, বিভিন্ন আবেদন ও পরামর্শ অনলাইনে জমা দেওয়া যাবে। একই সঙ্গে আবেদন বা অভিযোগের বর্তমান অবস্থাও ব্যবহারকারীরা অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এনজিও-সংক্রান্ত সেবা, বিভিন্ন লাইসেন্সিং কার্যক্রম, মিউটেশন, অর্পিত সম্পত্তি-সংক্রান্ত সেবা এবং সরকারি সহায়তাসহ নানান নাগরিক সেবা ধাপে ধাপে এ অ্যাপের আওতায় আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের সময় ও খরচ কমবে, পাশাপাশি হয়রানিও হ্রাস পাবে। এতে জেলা প্রশাসনের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সেবাকেন্দ্রিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আরও পড়ুন সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে: টিআইবি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও আধুনিক করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্ভাবন সরকারি সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবার মানো উন্নয়নে সরকার কাজ করছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই প্রচেষ্টার একটি বাস্তব উদাহরণ। দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নাগরিক মতামত গুরুত্ব দিয়ে কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আরও নতুন নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’কে একটি পূর্ণাঙ্গ সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে রূপ দেওয়া হবে। এমডিএএ/কেএসআর