country
BN
ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৭তম সভাপতি নির্বাচিত হলেন মিথুন মানহাস
[]
jagonews24.com | rss Feed
ভারতের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায় শুরু হলো। সাবেক দিল্লি অধিনায়ক মিথুন মানহাস ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ৩৭তম নির্বাচিত সভাপতি হলেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় ক্রিকেট দল যখন এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে, তার আগেই মুম্বাইয়ে বোর্ডের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় মিথুন মানহাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
রজার বিনির পদত্যাগের পর আগস্ট থেকে সভাপতি পদ শূন্য ছিল। সে সময় অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি পুরনো দায়িত্বেই বহাল আছেন। দেবজিত শাইকিয়া থাকছেন বোর্ডের সচিব পদে।
নতুন কমিটিতে আরও একজন সাবেক ক্রিকেটার জায়গা পেয়েছেন। ভারতের সাবেক স্পিনার রঘুরাম ভাট বিসিসিআইয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মিথুন মানহাস বলেন, ‘বিশ্বের সেরা ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। একই সঙ্গে এটি এক বিশাল দায়িত্বও। আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আবেগ দিয়ে দায়িত্ব পালন করব।’
৪৬ বছরে পা দিতে যাওয়া মানহাস ১৯৯৭ থেকে ২০১৭ পর্যন্ত দুই দশক ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ৯৭১৪, ১৩০ লিস্ট-এ ম্যাচে করেছেন ৪১২৬ রান এবং ৯১টি টি-টোয়েন্টিতে রান ১১৭০। খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও কাজ করেছেন তিনি- বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালট্যান্ট এবং আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের সঙ্গেও যুক্ত ছিলেন।
নতুন দায়িত্বে যারা
বিসিসিআই সভাপতি: মিথুন মানহাসসহ-সভাপতি: রাজীব শুক্লাসচিব: দেবজিত শাইকিয়াযৌথ-সচিব: প্রভতেজ সিং ভাটিয়াকোষাধ্যক্ষ: এ রঘুরাম ভাট
নির্বাচক কমিটি ও অন্যান্য পদে পরিবর্তনপুরুষ জাতীয় নির্বাচক কমিটিতে প্রবেশ করেছেন প্রাক্তন ভারতীয় বোলার প্রজ্ঞান ওঝা ও আরপি সিং। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে আছেন অজিত আগারকার।
নারী জাতীয় নির্বাচক কমিটির নতুন চেয়ারপার্সন হয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার অমিতা শর্মা। উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) কমিটির চেয়ারম্যান হয়েছেন জয়েশ জর্জ। অবকাঠামো কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন রোহান জেটলি।
আইএইচএস/